

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ছয় ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২ টা থেকে সাড়ে চারটা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক এবং পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সোমবার রাতে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নদীর বিভিন্ন স্থানে পৃথস অভিযান পারিচালিত হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর আওতায় পরিচালিত এই অভিযানে বালু ভর্তি নৌকা সহ ছয়জনকে আটক করা হয়।
ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে চলা অভিযানে অবৈধ বালুসহ একটি ট্রলার জব্দ ও চারজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যক্তির প্রত্যেককে এক মাসের করে কারাদণ্ড প্রদান করা হয়।
একই নদীতে অপর অভিযানে নেতৃত্ব দেন দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো জিয়াউল হাসান সৌরভ। অভিযান চলাকালে যাদুকাটা নদীর পাড়ের মাটি কাটার অপরাধে দুইজনকে আটক করে প্রত্যেককে ছয়মাসের করে কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের সবচেয়ে বড় দুটি বালু মহাল তাহিরপুর উপজেলার যাদুকাটা নদে অবস্থিত। মামলা সংক্রান্ত জটিলতায় গত পাঁচমাস এই দুটি বালু মহালে বালু উত্তোলন বন্ধ থাকার পর চলতি মাস থেকে আবার বালু উত্তোলন শুরু হয়েছে।
কিন্তু শুরুতেই নদের সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকায় ইজারা সীমানার বাইরে গিয়ে একটি পক্ষ জোর করে বালু উত্তোলন করে। ৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই নদীতে বালু লুটের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ইজারাদার তিনটি মামলা দায়ের করেছে। এলাকাবাসীর অভিযোগ, নদের পাড় কেটে বালু উত্তোলনের ফলে আশপাশের গ্রামসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।
এই দুটি বালু মহাল এবার জেলা প্রশাসন থেকে প্রায় ১০৭ কোটি টাকায় ইজারা হয়। কিন্তু মামলা-সংক্রান্ত জটিলতায় ইজারাদারকের মহাল বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। চলতি মাসে প্রশাসন ইজারাদারদের মহাল দুটি বুঝিয়ে দিলে সেখানে আবার বালু উত্তোলন শুরু হয়।
মন্তব্য করুন