

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর নয়াপাড়া গ্রামসহ আশপাশের অন্তত চার গ্রামের বাসিন্দারা দীর্ঘ ৫০ বছর ধরে সরস্বতী নদীর ওপর একটি সেতুর দাবিতে অপেক্ষা করছেন।
মাত্র ৫০ থেকে ৬০ মিটার দৈর্ঘ্যের সেতু না থাকায় প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন।
গ্রামটির পাশ দিয়ে বয়ে যাওয়া সরস্বতী নদী পারাপারের জন্য খুঁটিতে রশি টানিয়ে রাখা ডিঙি নৌকার ওপর ভরসা করতে হয় স্থানীয়দের। এতে ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হন শিশু, বৃদ্ধ ও নারীসহ সব শ্রেণির মানুষ। রশিদপুর নয়াপাড়ার পাশাপাশি উত্তরপাড়া, বাগধা ও পাটধারী গ্রামের বাসিন্দারাও একইভাবে ভোগান্তিতে রয়েছেন।
গ্রামবাসী ময়নাল খন্দকার, আলী আশরাফ, আব্দুল হাই ও ইসমাইল হোসেন বলেন, স্বাধীনতার পর থেকেই সেতু নির্মাণের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি আমলে নেননি। ফলে প্রতি বছর গ্রামের কিছু সচ্ছল ব্যক্তি নৌকা কিনে দেন যাতে অন্তত শিক্ষার্থী ও পথচারীরা নদী পার হতে পারে। প্রতিদিন দুই শতাধিক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এভাবে বিদ্যালয়ে যাতায়াত করছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, সরস্বতী নদীতে সেতু নির্মাণের একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নের আগ পর্যন্ত উপজেলা পরিষদের উদ্যোগে খেয়াঘাটে একটি বড় নৌকার ব্যবস্থা করা হবে। এতে অন্তত লোকজনের পারাপার কিছুটা হলেও সহজ ও ঝুঁকিমুক্ত হবে।
মন্তব্য করুন
