

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ সংক্রান্ত একটি বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এ সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, আমাদের একটি অভ্যন্তরীণ কারিগরি সমস্যাকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যা দুঃখজনকই নয়, বরং পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা। বাস্তবতা যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে না।
তিনি আরও বলেন, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ সরবরাহে স্বয়ংসম্পূর্ণ একটি প্রতিষ্ঠান। জাতীয় গ্রিডের পাশাপাশি আমাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থা রয়েছে। গত ২২ এপ্রিল দুপুরে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় শিক্ষার্থীদের স্বার্থে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এটিকে বিদ্যুৎ সংকট বা সরকারি নির্দেশনার সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
মিজানুর রহমান দাবি করেন, ত্রুটি দ্রুত সমাধানের জন্য ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সীমিত সময়ের জন্য ক্লাস ও আবাসিক হল বন্ধ রাখা হয়েছে। ২৬ এপ্রিল থেকে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে। এটি ছিল একটি নিয়মিত কারিগরি রক্ষণাবেক্ষণের অংশ, অন্য কিছু নয়।
সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের উদ্যোগকে আমরা সম্মান করি এবং সমর্থন জানাই। তবে আমাদের সিদ্ধান্ত সম্পূর্ণ আলাদা একটি কারিগরি বাস্তবতার কারণে নেওয়া হয়েছে। সেটিকে ভুলভাবে উপস্থাপন করা অনভিপ্রেত।
ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর ও যাচাইবিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন