সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার ও চারজনকে অর্থদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ এএম
ব্রহ্মগাছা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা
expand
ব্রহ্মগাছা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই ঘটনায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (৮৬ নম্বর) এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী, কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।

একই সাথে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুরকা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা।

অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি বাস্তবায়নে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আবদুল খালেক পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল মুঠোফোন রিসিভ করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X