

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার কলারোয়ায় মাত্র পাঁচ দিনের এক নবজাতক কন্যাকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা শারমিন খাতুনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে রঘুনাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে শিশুটির পিতা ইব্রাহিম খলিল থানায় এসে মেয়েকে নিখোঁজ দাবি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান।
তিনি জানান, বিকেলে শিশুটিকে নিয়ে তার স্ত্রী শারমিন ঘুমাচ্ছিলেন, পরে জেগে উঠে দেখেন সন্তানটি নেই।
ওসি বলেন, ইব্রাহিম খলিলের বক্তব্য অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, আগের দুই কন্যা সন্তানের পর আবারও মেয়ে জন্ম নেওয়ায় ক্ষোভের বশে নবজাতকটিকে বাড়ির পাশের খালে ফেলে দেন।
পরে শারমিনের স্বীকারোক্তি অনুযায়ী খালের কচুরিপানার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার শারমিন খাতুনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শেখ সাইফুল ইসলাম।
মন্তব্য করুন