

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরায় সরকারি হাসপাতাল পরিদর্শনের ব্যস্ততার মধ্যেই এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীর জীবনসংগ্রামের গল্প শুনে তাকে চাকরির ব্যবস্থা করার নির্দেশ দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে শারমিন আক্তারকে চাকরিতে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার (২৬ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার বাসিন্দা শারমিন আক্তারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি শারমিনের শিক্ষাজীবন, পারিবারিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চান।
দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শারমিনের সংগ্রামী জীবনের কথা শুনে মন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির ব্যবস্থা করতে নির্দেশ দেন।
চাকরির আশ্বাস পেয়ে আবেগাপ্লুত শারমিন বলেন, আমি খুবই আনন্দিত। এখন আমার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারব। স্বাস্থ্যমন্ত্রী আমাকে যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকসহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
জানা গেছে, সুন্দরবন উপকূলবর্তী দরিদ্র পরিবারের সন্তান শারমিন নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তার মেধা, অধ্যবসায় ও জীবনসংগ্রাম বিবেচনায় নিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্যমন্ত্রীর এ তাৎক্ষণিক সিদ্ধান্ত শুধু শারমিনের জীবনেই নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়নি বরং প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের সক্ষমতা ও অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা দিয়েছে।