শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু সাতক্ষীরায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পিএম
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম
expand
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

অনলাইন জুয়া চক্রের অন্যতম শীর্ষ এজেন্ট মুর্শিদ আলম লিপু ও তার সহযোগী মুছাঈদ আলম ওরফে ক্যামেলকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে যৌথ অভিযানে তাদের আটক করে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও সদর থানা পুলিশের একটি দল শহরের খানপুর থেকে বাইপাসগামী খড়িবিলা মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জিনারুল ইসলাম ও রাজিয়া সুলতানার ছেলে মুর্শিদ আলম লিপু এবং মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়ার মাসুদুল আলম ও লুবা ইয়াসমিনের ছেলে মুছাঈদ আলম ওরফে ক্যামেল (৩০)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়া পরিচালনার কথা স্বীকার করেছে।

দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়ার ফাঁদে ফেলতো এবং বিভিন্ন প্ল্যাটফর্ম পরিচালনা করতো।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মুর্শিদ আলম লিপুর বিরুদ্ধে এর আগেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। ২০২১ সালের ১৪ নভেম্বর ঢাকার পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় তার নামে মামলা দায়ের করা হয়েছিল (এফআইআর নং ৩৭/৫৭৩)।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নতুন মামলার প্রক্রিয়া চলছে। অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণা দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২২ জানুয়ারি সংবাদমাধ্যমে অনলাইন জুয়া নিয়ে প্রকাশিত প্রতিবেদন পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তখন থেকেই মূল হোতা লিপু আত্মগোপনে চলে যান। সিআইডির তদন্তে জানা যায়, তিনি বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নতুন সিম সংগ্রহ করতেন এবং গোপনে যোগাযোগ রক্ষা করতেন। মাঝে মধ্যে তার অবস্থান সাতক্ষীরা, মাগুরা ও ঢাকায় সনাক্ত করা হলেও তাকে এতদিন গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সূত্র মতে, দেশের শীর্ষ ১৯ জন অনলাইন জুয়া এজেন্টের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধানে কাজ করছে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ—এদের মধ্যেই প্রথম সারিতে রয়েছেন মুর্শিদ আলম লিপু।

এর আগেও, ২০২১ সালের নভেম্বর মাসে সিআইডি অনলাইন জুয়া পরিচালনায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছিল, যাদের মধ্যে লিপুও ছিলেন অন্যতম। তখনই দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া ও এজেন্টদের কার্যক্রম ব্যাপকভাবে আলোচনায় আসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন