বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা ট্রমা সেন্টারে চিকিৎসা অবহেলায় কিশোরের মৃত্যুর অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৭:৫৬ এএম
সাতক্ষীরা ট্রমা সেন্টার
expand
সাতক্ষীরা ট্রমা সেন্টার

সাতক্ষীরা ট্রমা সেন্টারে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় তাহসিন (১৩) নামের ওই কিশোরের মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

নিহত তাহসিন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে নারকেল পাড়তে গিয়ে গুরুতর আহত হয় তাহসিন। পরে দুপুর দেড়টার দিকে তাকে সাতক্ষীরা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তাদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর দীর্ঘ সময় দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের পাওয়া যায়নি।

পরে সার্জারি বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সরকার এসে রোগীকে দেখে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষাগুলো সম্পন্ন হলেও রিপোর্ট পেতে রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করতে হয়।

পরিবারের দাবি, রিপোর্ট দেখার পর চিকিৎসক জানান, তাহসিনের ফুসফুস (লাংস) ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

তাহসিনের স্বজনেরা আরও অভিযোগ করেন, গুরুতর শ্বাসকষ্ট থাকা সত্ত্বেও তাকে অক্সিজেন দেওয়া হয়নি। হাসপাতালের দায়িত্বশীল কাউকেও প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায়নি।

তাদের ভাষ্য, রোগীর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধার প্রয়োজন ছিল, কিন্তু ট্রমা সেন্টারে আইসিইউ ব্যবস্থা নেই। এ অবস্থায় অন্য কোনো হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে সহযোগিতা করেনি। চিকিৎসা বাবদ প্রায় ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে জানতে সাতক্ষীরা ট্রমা সেন্টারের মালিক ডা. হাফিজ উল্লাহর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে সাতক্ষীরা ট্রমা সেন্টারের ম্যানেজার জনি চিকিৎসা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, তাহসিনের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হয়নি। প্রথমে মৃত্যুর বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি কিশোরটির মৃত্যুর ঘটনা স্বীকার করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Uzbekistan VS Colombia
9'
0 - 0
World Cup