শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন ৬ হাজার মানুষ ইফতার করবেন নলতার ঐতিহাসিক মাঠে

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম
প্রতিদিন ৬ হাজার মানুষ ইফতার করবেন নলতার এই ঐতিহাসিক মাঠে
expand
প্রতিদিন ৬ হাজার মানুষ ইফতার করবেন নলতার এই ঐতিহাসিক মাঠে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে শুরু হতে যাচ্ছে দেশের বৃহত্তম ইফতার মাহফিল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, হজরত খান বাহাদুর আহছানউল্লা (র.)-এর মাজার সংলগ্ন ঐতিহাসিক ইফতার মাঠে ৬ হাজার মানুষ একসাথে বসে ইফতার করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন। মাঠের বিশাল প্যান্ডেল থেকে শুরু করে ইফতার তৈরির সরঞ্জাম সবই এখন প্রস্তুত।

আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে নলতা কেন্দ্রীয় আহ্‌ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবছর প্রতিদিন প্রায় ৬ হাজার মানুষের জন্য ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। বিশাল এই কর্মযজ্ঞ সুচারুভাবে সম্পন্ন করতে লোকবল সুনির্দিষ্ট করা হয়েছে বলে তিনি জানান। ইফতার মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৫০ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে এবং ৫০ জন অভিজ্ঞ বাবুর্চি ইফতার তৈরির কাজে নিরলসভাবে নিয়োজিত আছেন।

মাঠে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা সারিবদ্ধভাবে বসার স্থান ও ইফতারের পাত্রগুলো গুছিয়ে রাখছেন। প্রতিদিন বিকেলে এই ভলান্টিয়ারদের মাধ্যমেই মাঠে একসঙ্গে ৬ হাজার মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হবে। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে হাজার হাজার মানুষের একই সারিতে বসে ইফতার করার এই দৃশ্যটি সাতক্ষীরার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে।

ঐতিহ্য বজায় রেখে এবারও ইফতারের মেনুতে রাখা হয়েছে ফিরনি, চিড়া, সিদ্ধ ডিম, ছোলা ভুনা, সিঙ্গাড়া, কলা ও খেজুর। প্রতিদিন ফজরের পর থেকেই বাবুর্চিরা এসব খাবার তৈরির কাজ শুরু করেন।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন জানায়, এখানে কোনো ভেদাভেদ নেই। একই সারিতে যেমন বসেন বিত্তবানরা, তেমনি থাকেন হতদরিদ্র মানুষ। এমনকি অমুসলিম ভাইদেরও অনেক সময় এই ভ্রাতৃত্বের ইফতারে শামিল হতে দেখা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X