

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভ্রমণ ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।
তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা প্রদান কার্যক্রম চালু রয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনিরুদ্ধ দাস বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের চিন্তা-চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে দীর্ঘদিনের সংযোগ রয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে চাই। ভারত-বাংলাদেশ সম্পর্ক জনগণের ওপর ভিত্তি করেই আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, দুই দেশের জনগণই হবে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে সহকারী হাই কমিশনার বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়ক হতে পারে। দুই দেশের সম্পর্ক জোরদারে ভিসা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেটের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় এবং কানেক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। একইসঙ্গে ভারত সরকারের ‘এইড টু বাংলাদেশ’ ও ‘এলওসি’ প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা দুই দেশের ঐতিহাসিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচার শাখার সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
মন্তব্য করুন

