

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে অন্য প্রতীক ঘোড়া মার্কার পক্ষে নির্বাচন করায় বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুর ২টার দিকে গৌরীপুর পৌর শহরের ২ নং রেলক্রসিং-সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মাথা ন্যাড়ার এ ঘটনা তাৎক্ষণিক জানাজানি না হলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে মাথা ন্যাড়া করা আব্দুল মান্নান তালুকদারের ছবি পোস্ট করা হলে তা ভাইরাল হয়ে যায়। এতে এক প্রতিক্রিয়ায় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান লিখেন- এ বর্বতার শেষ কোথায় ?
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে নির্যাতনের শিকার আব্দুল মান্নান তালুকদার জানান, বুধবার আনুমানিক ২টা ১৫ মিনিটে তিনি ব্যক্তিগত কাজে সিএনজি যোগে গৌরীপুর থেকে ময়মনসিংহে যাওয়ার পথে গৌরীপুর পৌরসভা সংলগ্ন রেলক্রসিং পেরিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসা মাত্রই পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সি দূর থেকে তাকে দেখতে পায়।
এ সময় পৌর টোল আদায়ের জন্য তাকে বহনকারী সিএনজিটি রেল ক্রসিংয়ের ওপারে থামালে শাহী মুন্সি দৌড়ে এসে টেনেহিঁচড়ে তাকে সিএনজি থেকে নামায়। এরপর তাকে অকথ্য ভাষায় গালাগালি করে শারীরিকভাবে নির্যাতন করে এবং পাশে থাকা একটি সেলুনে নিয়ে যায়, সেখানে নিয়ে তাকে একটি চেয়ারে জোর করে বসিয়ে শাহী মুন্সির নির্দেশে সেলুনে থাকা লোকজন তার মাথার চুল কেটে মাথ্যা ন্যাড়া করাসহ তার চোখের উপরের ব্রু কেটে দেয়।
এ সময় ভয়ে এবং লজ্জায় তিনি এ বিষয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে ফিরে এসে তার ঘনিষ্টজনদের এ ঘটনা জানান। তিনি বলেন, ‘আমরা বিগত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি।
আমার অপরাধ আমি ঘোড়া মার্কার নির্বাচন করেছিলাম। কিন্তু গৌরীপুরে ধানের শীষ বিজয়ী হয়েছে, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। সেই জায়গায় আমি এই লাঞ্ছনার শিকার হলাম। আশা করি প্রতিমন্ত্রী আছেন, জনতা আছেন, তারাই এ ঘটনার বিচার করবেন।
এ দিকে আব্দুল মান্নান তালুকদারের অভিযোগ ষড়যন্ত্রমূলক দাবি করে গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী বলেন, ‘আমি এমন কোনো ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। এরা অইল ষড়যন্ত্রকারী, এরা সবসময়েই একটার পর একটা ষড়যন্ত্র কইরাই যাইতেছে, এরা ঘোড়া মার্কার নির্বাচন করসে, এহন মানূষ ছিঃ ছিঃ করতাছে, এর মাথায় তো এমনেই চুল নাই, আমাদের সুনাম নষ্ট করতেই এ মহলটি মিথ্যা-বানোয়াট তথ্য দিয়া আমাদের ইমেজ ক্ষুণ্ণ করত চাইতেছে।’
এ বিষয়ে ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ আমার দেশকে বলেন, ‘ঘটনাটা আমিও শুনেছি। শুনে শাহী মুন্সিকে ফোন দিয়েছিলাম, সে বলেছে, এমন কোনো ঘটনা ঘটে নাই। তিনি বলেন, আমি বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। ঘটনার সত্যতা পেলে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন

