

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সন্তানদের সময়মতো বিয়ে দেওয়ার আহ্বান জানাতে বর সেজে এক অনন্য প্রতিবাদে নেমেছেন রংপুরের রেজা নামের এক যুবক।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন তিনি।
রেজা পেশায় একজন মঞ্চ নাট্যকর্মী এবং রংপুর সিটি কর্পোরেশনের আমাশু কুকরুল এলাকার বাসিন্দা। নিজেও এখনো বিয়ে করেননি, তবে সমাজে বিয়ের দেরি হওয়ায় তৈরি হওয়া সমস্যাগুলোর দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতেই এমন অভিনব প্রতিবাদের আয়োজন করেন তিনি।
দুপুরে প্রেসক্লাবের সামনে দেখা যায়, রেজা মাথায় পাগড়ি, গায়ে শেরওয়ানি, চোখে সানগ্লাস ও গলায় ফুলের মালা পরে দাঁড়িয়ে আছেন। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা, সন্তানদের সময়মতো বিয়ে দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে।
তাঁর এই ভিন্নধর্মী উদ্যোগে আশপাশে ভিড় জমান পথচারীরা। কেউ ছবি তুলছেন, কেউ কথা বলছেন, অনেকে আবার তাঁর সঙ্গে সেলফিও তুলছেন। প্রায় এক ঘণ্টা ধরে তিনি সেখানে অবস্থান করেন।
স্থানীয় সংস্কৃতিকর্মী ও গীতিকার এস এম খলিল বাবু মনে করেন, রেজার এই প্রতিবাদ নিছক হাসির বিষয় নয়, বরং এটি সমাজে সচেতনতা তৈরির একটি ইতিবাচক প্রচেষ্টা।
তাঁর মতে, আইন অনুযায়ী ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ে দেওয়া সমাজের জন্য কল্যাণকর।
কবি ও শিক্ষক বেলায়েত হোসেন বলেন, আমাদের দেশে চাকরি বা আর্থিক স্থিতির অভাবে অনেক সময় বিয়েতে বিলম্ব হয়। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়স হলে বিয়ে দেওয়াই উচিত।”
অভিনব প্রতিবাদকারী রেজা বলেন, আমাদের অভিভাবকেরা ভাবেন, ৩০ বছর বয়স হলেও সন্তানরা এখনো ছোট। অথচ আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স ১৮ ও ছেলেদের ২১ বছর। আমরা অনেক সময় পড়াশোনা বা চাকরির অপেক্ষায় দেরি করতে করতে যৌবন পার করে ফেলি।
তিনি আরও বলেন, এই দীর্ঘ বিলম্বের মধ্যেই অনেক তরুণ-তরুণী প্রেম বা অনৈতিক সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে। সময়মতো বিয়ে হলে এসব সমস্যা অনেকটাই কমে আসবে। আমি আজকের প্রতিবাদের মাধ্যমে সব অভিভাবকদের বলতে চাই-সন্তানের বয়স হলে আর দেরি না করে বিয়ে দিন।
মন্তব্য করুন
