শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:২৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কাদের (৪৫) পৌর শহরের মিত্রবাটি এলাকার মৃত আশিক উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মে শুক্রবার দুপুরে রাণীশংকৈল থেকে ইটবোঝাই একটি ট্রাক পীরগঞ্জ হয়ে বোচাগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে চাল ব্যবসায়ী আব্দুল কাদের দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাসায় ভাত খেতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে একটি ডিস্ট্রিক্ট ট্রাক আসার সময় সড়কের পাশে পানি জমে থাকায় তিনি মোটরসাইকেলটি রাস্তার মাঝামাঝি দিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় দ্রুতগতির ইটবোঝাই ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ট্রাকের ইঞ্জিনের বড় চাকার নিচে পড়ে যান কাদের। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ট্রাকটি স্থানীয়রা আটক করে রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন