শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে যাত্রা!

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম
জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে উঠে পড়েছে মানুষ
expand

ঈদ শেষে কর্মমুখী মানুষের ঢল নামায় ট্রেনযাত্রায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। ঢাকা অভিমুখী নকশীকাঁথা কমিউটার ট্রেনে উপচে পড়া ভিড়ের কারণে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনটিতে অতিরিক্ত যাত্রীর চাপ লক্ষ্য করা যায়। ভোর থেকেই পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে স্টেশনে ভিড় করতে থাকেন ঘরমুখো মানুষ।

ট্রেনের ভেতরে আসন তো দূরের কথা, দাঁড়ানোর মতো জায়গাও না থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠে যাত্রা শুরু করেন। এতে চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও যাত্রীদের ঢল সামাল দিতে হিমশিম খেতে দেখা যায় রেলওয়ে কর্তৃপক্ষকে।

স্টেশনে রেলওয়ে পুলিশ, আনসার সদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকলেও ছাদে ওঠা যাত্রীদের কার্যকরভাবে বাধা দিতে দেখা যায়নি।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, ‘আমরা নিয়মিতভাবে ট্রেনের ছাদে যাত্রী ওঠা নিরুৎসাহিত করি। তবে ঈদযাত্রায় যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।’

তিনি আরও জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনটিতে অতিরিক্ত যাত্রীচাপের কারণে অনেক যাত্রী স্টেশনে থেকেই যেতে বাধ্য হন। আবার অনেকেই ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়েন। ট্রেনটি প্রায় ১ ঘণ্টা ৩৫ মিনিট বিলম্বে সকাল ৭টা ০৫ মিনিটে রাজবাড়ী স্টেশন ছেড়ে যায়।

এদিকে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank