শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মণ জাটকাসহ দুই ট্রলার আটক, ৩ জনের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ এএম
আটক করা জাটকা মাছ
expand
আটক করা জাটকা মাছ

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাটকা সংরক্ষণে কোস্টগার্ড অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে। এ সময় ১০ মণ নিষিদ্ধ জাটকা মাছসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভান্ডারিয়ার কঁচা নদীতে কোস্টগার্ডের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এফবি মায়ের দয়া ও এফবি সোলায়মান নামের দুটি ট্রলার আটক করে। এ সময় ট্রলারে মজুত করা প্রায় ১০ মণ জাটকা মাছ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুটি মাছধরা ট্রলার আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।

ট্রলারে থাকা জেলে সবুজ হাসান (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হাসান খান (২৫) গ্রেপ্তার করা হয়।

আটক তিন জেলেকে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে উদ্ধারকৃত জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্যসম্পদ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কোস্টগার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X