মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে ফেল, গ্যাস ট্যাবলেট খেয়ে ছাত্রীর আত্মহত্যা চেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:২১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়ায় মায়ের বকুনিতে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মিথিলা মালাকার (১৮) নামের এক ছাত্রী।

সোমবার (১০ আগস্ট) এ ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

মিথিলা মালাকার বাউফল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিলবিলাস গ্রামের বাসিন্দা মিন্টু মালাকার ও সিতা রানী মালাকারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিথিলা গত বছর এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়। এরপর ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেন তিনি। তবে এবারও প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন মিথিলা।

ফলাফল নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মা তাকে বকাঝকা করলে অভিমানে ঘরে থাকা গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরিবারের সদস্যরা জানান, পরীক্ষার ফলাফল নিয়ে মিথিলা কিছুটা হতাশায় ছিল। তবে বিষয়টি নিয়ে সে এমন চরম সিদ্ধান্ত নিতে পারে, তা তারা ধারণা করতে পারেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন