শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাবিজ-তদবিরের নামে ডেকে নারীকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে তদবির-তাবিজের নামে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৬)। তিনি উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামের বাসিন্দা এবং ৪ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি। কাঁঠালতলী বাজারে তার একটি ফার্মেসি রয়েছে এবং তিনি স্থানীয়ভাবে তাবিজ-তদবিরের কাজও করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্তের ফার্মেসি থেকে তিনি নিয়মিত ওষুধ কিনতেন, আর সেই সূত্রে অভিযুক্ত তার মুঠোফোন নম্বর নেন। এরপর মুঠোফোনে দুজনের মধ্যে যোগাযোগ হতো। এক পর্যায়ে বাদী তার ভাইয়ের মেয়ের লেখাপড়ার বিষয়ে অভিযুক্তের কাছে তদবির চান। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে অভিযুক্ত ফোনে বাদীকে তদবির নিতে বলেন। বাদী মাগরিবের সময় ফার্মেসিতে গিয়ে তাকে না পেয়ে ফোন করলে অভিযুক্ত জানান, তিনি বাড়িতে আছেন এবং বাদীকে বাড়িতে যেতে বলেন।

এজাহার অনুযায়ী, বাদী সেদিন রাত আটটার দিকে অভিযুক্তের বাড়িতে যান। ঘরে অভিযুক্তের স্ত্রী বা অন্য কাউকে না দেখে বাদী বের হয়ে আসতে চাইলে অভিযুক্ত তাকে টেনেহিঁচড়ে হিজাব-বোরকা খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরবর্তীতে এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মির্জাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী। মামলা নম্বর ১০। মামলা দায়েরের পরদিন শুক্রবার সকালে উত্তর চৈতা গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup