

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জোট প্রার্থী নুরুল হক নুর ও বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নুরুল হক নূরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আবু নাঈম বলেন, হাসান মামুনের সমর্থকেরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাওয়ার সময় ট্রাক প্রতীকের কয়েকজন সমর্থকের ওপর হামলা চালায়। এতে ট্রাক প্রতীকের সাত থেকে আটজন কর্মী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে হাসান মামুনের সমর্থক মো. মারুফ বলেন, ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক প্রতীকের সমর্থকেরা পথরোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তাদের পক্ষের অন্তত সাতজন আহত হন। আহত দুইজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন
