

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পঞ্চগড়ের মফিজার রহমান কলেজের অধ্যক্ষ নুরুল্লাহ। আর সেই সুযোগেই তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করে নিয়ে গেছে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও আনুমানিক ৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত দুইটার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকায় এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যক্ষ নুরুল্লাহ ও তার মা ওমরাহ পালনে সৌদি আরবে থাকায় বাড়িতে ছিলেন কেবল তার স্ত্রী, দুই শিশু সন্তান ও শ্বাশুড়ি। গভীর রাতে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়ির পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
ভুক্তভোগীরা জানান, ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা আমাদের মুখ চেপে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে আলমারির চাবি ও নগদ টাকার অবস্থান জানতে চায়। এক পর্যায়ে ঘরের আলমারি, ড্রয়ার ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার এবং ৫ লাখ টাকার মতো নগদ অর্থ লুট করে নেয়।
ঘটনার পর স্থানীয়রা এসে পুলিশে খবর দেন। রাতেই পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অধ্যক্ষের স্ত্রী জেদনি আক্তার বলেন, ঘুমের মধ্যেই বুঝতে পারি কেউ মুখ চেপে ধরছে। কোনমতে মুখ থেকে হাতটা সরিয়ে দেখি বাচ্চাদের গলায় ছুরি ধরে আছে কয়েকজন মুখোশধারী। তারা ছুরি দেখিয়ে চুপ থাকতে বলে। সন্তানদের সামনে ভয় দেখিয়ে তারা স্বর্ণ ও টাকা নিয়ে যায়।
অধ্যক্ষের ভাই মাহমুদ উল্লাহ বলেন, আমি পঞ্চগড় শহরে থাকি। রাত আড়াইটার দিক খবর পাই। তাৎক্ষণিক এসে দেখি বাড়ির সব কিছু এলোমেলো হয়ে আছে।
প্রতিবেশী সানাউল্লাহ বলেন, ডাকাতির পর ভাবি (অধ্যক্ষের স্ত্রী) আমাকে ফোন করে দ্রুত যেতে বলে। গিয়ে পরিস্থিতি দেখে ৯৯৯ ফোন দেই। পরে পুলিশ আসে।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। অপরাধীদের শনাক্তে তদন্ত চলছে।
মন্তব্য করুন
