

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনার ফরিদপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে তিনটি দুগ্ধ উৎপাদন ও সংগ্রহকারী প্রতিষ্ঠানকে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ক্ষতিকর কেমিক্যাল ও ডিটারজেন্ট ব্যবহার করে দুধ তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংরক্ষণের প্রমাণ পাওয়ায় এসব জরিমানা করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, সোমবার দুপুরে ফরিদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কেয়া ডেইরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে ক্ষতিকর ডিটারজেন্ট পাউডার ও হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করে নকল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় কেয়া ডেইরির স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা কেয়াকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানীন। পরে অভিযানের সময় কেয়া ডেইরিতে সংরক্ষিত সব দুধ ড্রেনে ফেলে বিনষ্ট করা হয়।
একই সময় পার্শ্ববর্তী আমিনা ডেইরি ও প্রিমিয়াম ফুডেও অভিযান চালানো হয়। ভেজাল দুধ তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংরক্ষণের দায়ে আমিনা ডেইরিকে ৩০ হাজার টাকা এবং প্রিমিয়াম ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন