

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান মিলেছে। উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে চক্রের ৬ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা ঘোষপাড়ায় র্যাব-৬ (সিপিসি-৩) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের ক্যাম্প কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষকে এক বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন। এছাড়া পার্থ ঘোষকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, সয়াবিন তেল, সোডা ও ভেজাল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত ক্ষতিকর উপকরণগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন জানান, দুধের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যে ভেজাল মিশিয়ে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন