

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর মাইজদীতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে পুলিশ অভিযান চালিয়ে এতে অংশ নেয়া তিনজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাইজদী প্রধান সড়কের হোয়াইট হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের বাসা সংলগ্ন রশিদ কলোনির সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব নির্দেশনা এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সকালে শহরের প্রধান সড়কে নিষিদ্ধ সংগঠনের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মিছিলে অংশ নেয়া তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

