

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ডেগিরচরের একটি বনাঞ্চল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে রাত ১০টায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি ডেগিরচরের একটি বনে আটকা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তির পরনে একটি আন্ডারওয়্যার এবং গায়ে হাফ হাতা টি-শার্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহটির চেহারা বিকৃত হয়ে যাওয়ায় বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঘনা নদী থেকে জোয়ারের পানিতে ভেসে এসে মরদেহটি ওই বনাঞ্চলে আটকা পড়ে।
উল্লেখ্য, এর আগে গত ১৬ জুলাই হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেটসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের একটি কেওড়া বাগান থেকেও জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল।
হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।