

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন রাজু।
তিনি জানান, হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচরের আজিম নগর টিনের মসজিদ এলাকা এবং সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজারে পৃথক অভিযান চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেড আমদানীকৃত ১৬৩টি কাপড়ের বান্ডিল চট্টগ্রাম বন্দর থেকে একটি কাভার্ডভ্যানে লোড করা হয়।
গাজীপুর চৌরাস্তা যাওয়ার কথা থাকলেও ২৫ এপ্রিল ভোররাতে কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে না গিয়ে চালকের সহায়তায় নিখোঁজ হয়ে যায়। পরে তদন্তে জানা যায়, কাভার্ডভ্যান চালক হাতিয়ার হরণী ইউনিয়নের সুমন ও স্বেচ্ছাসেবক দল নেতা আবুল বাশারের নেতৃত্বে চক্রটি কাপড়গুলো হাতিয়া ও সুবর্ণচর এলাকায় নিয়ে আসে।
এ সময় বাশারের সহযোগী হিসেবে ছিলেন হাতিয়া উত্তর শাখা তাঁতী দলের সদস্য সচিব ইব্রাহীম খলিল এবং হরণী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন। তারা কাপড়গুলো দুই ভাগে ভাগ করে হরণীর আজিম নগর টিনের মসজিদের কাছে একটি ঘরে এবং সুবর্ণচরের ভূঞারহাট বাজারে যুবদল নেতা নুরুল হুদার মালিকানাধীন গোডাউনে সংরক্ষণ করে।
এসআই মহিউদ্দিন রাজু বলেন, উদ্ধার করা কাপড়ের মূল্য প্রায় ৬০ লাখ টাকা। হরণী ইউনিয়ন থেকে ৬৭টি এবং ভূঞারহাট বাজারের গোডাউন থেকে আরও ৯৬টি বান্ডিল উদ্ধার করা হয়েছে। বাশারকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।