সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজদের আর কোনো সুযোগ দেওয়া হবে না : হান্নান মাসুদ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম
​নোয়াখালী-৬ আসনে  ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ
expand
​নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ

​নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক কমিটি ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেছেন, হাতিয়ার মাটির সাথে যাদের নাড়ির টান নেই, ছোটবেলা থেকে যারা এই জনপদে বড় হয়নি, তাদের মনে হাতিয়ার মানুষের জন্য কোনো ভালোবাসা বা আবেগ থাকতে পারে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাতিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

​আব্দুল হান্নান মাসুদ তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে মধ্যযুগের জমিদারি প্রথার তুলনা করেন। তিনি বলেন, যেভাবে মধ্যযুগে জমিদারি প্রথা চালু ছিল এবং জমিদাররা লাঠিয়াল বাহিনী দিয়ে সাধারণ মানুষকে তটস্থ করে রাখত, ঠিক একইভাবে হাতিয়াতেও আজ একদল মানুষ লাঠিয়াল বাহিনী পুষছে। তারা সাধারণ মানুষকে জিম্মি করে হাতিয়ায় তাদের রাজত্ব কায়েম করতে চায়।

​জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ধান্দাবাজ ও চাঁদাবাজদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। হাতিয়ার মানুষকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে হবে। যারা লাঠিয়াল বাহিনী দিয়ে আধিপত্য বিস্তার করতে চায়, তাদের সেই দম্ভ ভেঙে চুরমার করে দেওয়া হবে।

​মাসুদ তার বক্তব্যে হাতিয়ার জনগণের সাথে নিজের আত্মার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "জন্মের পর হামাগুড়ি দিয়ে আমরা এই হাতিয়ার মাটি খেয়ে বড় হয়েছি। আমাদের প্রত্যেকের রক্তে-মাংসে এই মাটির অস্তিত্ব রয়েছে। যারা এই মাটির মর্যাদা বোঝে না, তাদের হাতিয়ার প্রতিনিধি হওয়ার কোনো অধিকার নেই।"

​বক্তব্য শেষে তিনি হাতিয়াকে সন্ত্রাসমুক্ত এবং একটি সুন্দর আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X