

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী দীর্ঘদিন পর প্রকাশ্য সাংগঠনিক কার্যক্রমে সরগরম হয়ে উঠছে নোয়াখালীর রাজনৈতিক অঙ্গন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নোয়াখালী আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জামায়াত।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই সফরের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা আমির ইসহাক খন্দকার জানান, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পাঁচটি জেলা (নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া) সফর করবেন ডা. শফিকুর রহমান।
সফরের প্রথম দিন ৩০ জানুয়ারি সকাল ৯টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বিশাল জনসভা।
প্রধান অতিথি হিসেবে বেলা ১১টা নাগাদ সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমিরে জামায়াত।
নোয়াখালীর এই জনসভাকে স্মরণকালের অন্যতম বৃহৎ জমায়েতে রূপ দিতে চায় দলটি। জেলা জামায়াতের দাবি, জিলা স্কুল মাঠের এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
জনসভা সফল করতে ইতিমধ্যে জেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু হয়েছে। সাধারণ মানুষকে এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা নেতৃবৃন্দ।
নোয়াখালীর কর্মসূচি শেষে ওই দিন বিকেলেই ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে এবং পরবর্তীতে কুমিল্লার লাকসামে জনসভায় যোগ দেবেন।
সফরের দ্বিতীয় দিন ৩১ জানুয়ারি চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডা. বোরহান উদ্দিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোয়াখালী শহরের আমিন মো. ইউছুফ, নোয়াখালী শহর সেক্রেটারি মোঃ মা'আজ, ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান, সহ জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
তাদের মতে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে এবং স্থানীয় রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিতে জামায়াতের এই মহাসমাবেশ ও আমীরের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মন্তব্য করুন
