বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

সাংবাদিকরা যাতে ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সে পরিবেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা ভয়ভীতির পরিবেশ সরকার সমর্থন করে না।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের পেশাগত কল্যাণ প্রসঙ্গে তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত মান বজায় রাখাও গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রেস কাউন্সিলের মাধ্যমে ‘হলুদ সাংবাদিকতা’ ও অপসাংবাদিকতা প্রতিরোধে কাজ চলছে।

এ সময় হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও শিক্ষার সুবিধার্থে পৃথক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়ে সাংবাদিকরা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তিনি বলেন, বিষয়টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও পড়াশোনার সুবিধা বিবেচনায় নিয়ে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শুধু জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন করলেই সফল হওয়া যায় না। শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে নৈতিকতার চর্চা করতে হবে। তাহলেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।

তৃণমূলের যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি অনলাইন ও টেলিভিশনে চীনা ও আরবি ভাষা শেখানোর বিশেষ কার্যক্রম চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank