বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত
expand

গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) নিয়ন্ত্রণে দেশীয়ভাবে উদ্ভাবিত ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশে উৎপাদিত এ ভ্যাকসিন বাজারজাত করা সম্ভব হলে খামারিদের ব্যয় কমার পাশাপাশি টিকার সহজলভ্যতা বাড়বে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাইচু ঈদগাঁহ মাঠে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) উদ্যোগে আয়োজিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও গোটপক্স ভ্যাকসিনের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এলএসডি ছড়িয়ে পড়লে গবাদিপশু আক্রান্ত হওয়ার পাশাপাশি খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। দেশে প্রতিবছর প্রায় আড়াই কোটি ডোজ এলএসডি ভ্যাকসিনের প্রয়োজন হয়। এতদিন এ চাহিদা পূরণে বিদেশ থেকে আমদানি করা টিকার ওপর নির্ভর করতে হতো। এখন দেশের বিজ্ঞানীদের উদ্ভাবনের মাধ্যমে দেশেই এলএসডি ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

খামারিদের নিয়মিত টিকাদানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবাদিপশুকে সুস্থ রাখতে নির্ধারিত সময়ে এলএসডির টিকা দিতে হবে। কোনো একটি খামারে রোগ দেখা দিলে তা দ্রুত অন্য পশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

গবাদিপশুর খাদ্য ব্যয় কমাতে বিএলআরআই উদ্ভাবিত উচ্চ পুষ্টিমানসম্পন্ন নতুন জাতের ঘাস চাষের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, নতুন জাতের এ ঘাসে প্রায় ১৮ শতাংশ প্রোটিন রয়েছে। এটি চাষের মাধ্যমে কম খরচে উন্নতমানের পশুখাদ্য উৎপাদন করা যাবে। ফলে দানাদার খাদ্যের ওপর খামারিদের নির্ভরতা কমবে।

দেশের ঐতিহ্যবাহী ব্ল্যাক বেঙ্গল ছাগলের সংরক্ষণ ও সম্প্রসারণে সরকার নতুন কর্মসূচি নিচ্ছে বলেও জানান তিনি। এ কর্মসূচির আওতায় ইউনিয়নভিত্তিক উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, উন্নত জাতের ছাগল সরবরাহ এবং বিপণনে সহায়তা দেওয়া হবে। এতে নারী ও যুব উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের অন্যতম মূল্যবান প্রাণিসম্পদ। এর মাংস ও চামড়ার আন্তর্জাতিক বাজার রয়েছে। পরিকল্পিত সম্প্রসারণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিএলআরআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা শ্রমিক দলের সভাপতি তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং বিপুলসংখ্যক প্রাণিসম্পদ খামারি উপস্থিত ছিলেন।

বাংলাদেশে লাম্পি স্কিন ডিজিজ ও গোটপক্সের প্রাদুর্ভাবের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় এ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এর আওতায় আদর্শ সদর উপজেলার গবাদিপশুকে ২ হাজার ডোজ এলএসডি এবং ১০০ ডোজ গোটপক্স ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank