

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কবরস্থানের পাশের একটি বিশাল বটগাছ। এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে ছুটছে অবয়বটি। প্রথম নজরে যে কেউ একে বানর ভেবে ভুল করতে পারেন। কিন্তু ভালো করে তাকাতেই চোখ ছানাবড়া প্রত্যক্ষদর্শীদের! কোনো বানর নয়, রীতিমতো এক জলজ্যান্ত মানুষ মগডালে উঠে বসে আছেন।
বুধবার (৩ জুন) সকাল থেকে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর কবরস্থানের পাশে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। ৪৭ বছর বয়সী ওই ব্যক্তিকে দেখতে এলাকায় এখন হাজার হাজার উৎসুক জনতার ভিড়।
বুধবার (৩ জুন) সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর কবরস্থানের পাশের একটি বটগাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মকিমপুর গ্রামের দানেশ খাঁর ছেলে হাসান খাঁ (৪৭) সকাল প্রায় ৮টার দিকে বটগাছে উঠে পড়েন। এরপর গাছের উঁচু ডাল থেকে আরও উঁচু ডালে উঠে মগডালে অবস্থান নেন। মাঝে মাঝে তিনি এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে চলাফেরা করায় নিচে জড়ো হওয়া মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন হাজার হাজার উৎসুক মানুষ। অনেকে তাকে নিচে নামানোর চেষ্টা করেন। কেউ কলা, কেউ রুটি এগিয়ে দিলে হাসান খাঁ নিচের ডালে নেমে এসে খাবার নিয়ে আবার দ্রুত মগডালে উঠে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং তাকে নিরাপদে নামিয়ে আনতে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে নামানো সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, হাসান খাঁ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়। প্রায়ই তিনি অস্বাভাবিক আচরণ করেন। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতা ও মাদকের প্রভাবেই তিনি জীবনের ঝুঁকি নিয়ে বটগাছের মগডালে উঠে বসেছেন।
ঘটনাটি ঘিরে পুরো এলাকায় কৌতূহল, উৎকণ্ঠা ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তাকে নিরাপদে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।