

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের বড়াইগ্রামে গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় ছাত্রদল নেতা এনামুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে জেলা ছাত্রদল তাকে সাংগঠনিক ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেয়।
রোববার (৫ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, উপজেলার গোয়ালিফা মহল্লার বাসিন্দা এবং আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মৌখাড়া বাজারসংলগ্ন বড়াল নদীর ধারে এক ব্যক্তির সঙ্গে বসে গাঁজা সেবন করেন এনামুল হক। সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়। ভিডিও প্রকাশের পর দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বহুজন মন্তব্য করেন, ছাত্রদলের মতো সংগঠনের একজন দায়িত্বশীল নেতার এমন আচরণ অগ্রহণযোগ্য। পরে বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসলে তারা এনামুল হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।
রোববার সন্ধ্যায় জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের ভাবমূর্তি নষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকায় এনামুল হককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মী মাদকসেবনের সঙ্গে জড়িত থাকতে পারে না। এনামুল হকের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন
