

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর মনোহরদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া ওই গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত শহীদুল্লাহ (৬৫) একই গ্রামের সুন্দর আলীর ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। অপর অভিযুক্ত তার ছেলে জীবন মিয়া।
নিহতের স্বজনরা জানান, মিজান ও তার চাচা শহীদুল্লাহর মধ্যে একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি। শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় শহীদুল্লাহর ছেলে জীবন লাঠি দিয়ে মিজানের মাথায় আঘাত করেন। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, দুপুরে মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে।
মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা-ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


