

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর পাঁচদোনা এলাকায় পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি অবৈধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত সাতজন শ্রমিক। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন।
গুরুতর দগ্ধ শ্রমিকরা হলেন দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এ ছাড়া আরও চারজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতি উপেক্ষা করে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির কাজ পরিচালনা করে আসছে একটি চীনা প্রতিষ্ঠান। সকালে কাজ চলাকালে হঠাৎ কারখানায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে শ্রমিকদের পোশাক ও দাহ্য পদার্থে দগ্ধ হয়ে যান তাঁরা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা বলেন, “দীর্ঘদিন ধরে এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও কর্তৃপক্ষের নীরবতায় অবৈধভাবে কারখানাটি পরিচালিত হয়ে আসছিল।”
পুলিশ ও ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত এবং কারখানার বৈধতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন