

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীতে চাঁদা তোলার সময় আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার সময় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নরসিংদী পৌর এলাকার আরশীনগর রেলক্রসিং সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।
হামলায় নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আরও কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে আরশীনগর মোড়ে সিএনজি ও অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে পুলিশ। এসময় তাদের ছিনিয়ে নিতে হামলা চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ৩০–৩৫ জন ব্যক্তি হঠাৎ তাঁর ওপর হামলা চালায়, কিলঘুষি মারেন এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ফরিদা গুলশানারা কবির জানান, আনোয়ার হোসেনের ঘাড় ও পায়ে রক্ত জমেছে, তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সিএনজি ও অটোস্ট্যান্ডের ইজারাদার জেলা যুবদলের নেতা মহসীন হোসাইনের বড় ভাই আলমগীর হোসেন বলেন, তিনি পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় ইজারা নিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার নিয়মিতভাবে টাকার আদায়ে বাধা দেন। পুলিশের ওপর হামলার ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, ইজারার আওতায় নির্ধারিত কেবলমাত্র স্ট্যান্ড থেকে টাকা নেওয়া সম্ভব, সড়ক চলাচলরত যানবাহন থেকে চাঁদা তোলা বৈধ নয়।
নরসিংদী পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
