শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিক সিটি পার্কে খেলনা বন্দুক হাতে মহড়া, ভাইরাল দুই তরুণ আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম
ভাইরাল দুই তরুণ আটক
expand

নারায়ণগঞ্জ নগরীর সিটি পার্কে খেলনা বন্দুক হাতে দুই তরুণের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বন্দর উপজেলার বন্দর বাজার এলাকার লিমন তোহা (২২) ও বন্দর ফায়ার সার্ভিসের গলির ইয়াছিন মোল্লা (২৩)।

পুলিশ জানায়, ২৮ আগস্ট সিটি পার্কের বিভিন্ন স্থানে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দুই তরুণকে বন্দুকসদৃশ অস্ত্র হাতে নিয়ে মহড়া দিতে দেখা যায়।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা পুলিশের আইসিটি শাখার এসআই (নিঃ) আফজাল শাহীন ও তাঁর দল ভিডিওটি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে।

পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে শটগান ও এসএমজির আদলে তৈরি প্লাস্টিকের খেলনা অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, অস্ত্রগুলো খেলনা হলেও সেগুলো হাতে নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়া, পথচারী ও শিশুদের ভয় দেখানো এবং সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি তৈরি করতে পারে।

এ ঘটনায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় মামলা করা হয়েছে। পরে আটক দুই তরুণকে আদালতে পাঠানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank