

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ার শিবগঞ্জে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় আহত হয়েছেন গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বারী।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে যাওয়ার সময় মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ব্রিজের কাছে পৌঁছায় প্রতিমন্ত্রীর বহর। এ সময় হঠাৎ এক পথচারী নারী গাড়ির সামনে পড়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টা করেন চালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের কৃষিজমিতে পড়ে যায়।
দুর্ঘটনার পর আহত প্রতিমন্ত্রী, তার স্ত্রী এবং বডিগার্ডকে উদ্ধার করে প্রথমে কালাইয়ে প্রতিমন্ত্রীর বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত পথচারী শিবগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় বৃদ্ধা ফিরোজাও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।


