বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় অবস্থিত অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি ফ্যাব্রিক্স গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আদমজী ইপিজেড স্টেশনের পাশাপাশি আশপাশের আরও চারটি ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত আটটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরা জানান, ভোরের দিকে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

তাদের ধারণা, গোডাউনে বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে। আগুনের তীব্র তাপ ও ঘন ধোঁয়ায় আশপাশের কারখানাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর পর সকাল প্রায় ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরও ভেতরে লুকিয়ে থাকা আগুনের উৎস সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে ফায়ার সার্ভিস ডাম্পিং কার্যক্রম অব্যাহত রাখে।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। গোডাউনে থাকা কোনো কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও তদন্ত করে নিশ্চিত হওয়া হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তদন্ত শেষে আগুনের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup