

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে অন্তত দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন- এনায়েতনগর বিএনপি নেতা মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৩) স্থানীয় বিএনপি নেতা রফিক (৪০) ও স্থানীয় মাদরাসার শিক্ষার্থী মো. ইমরান (১০)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ফতুল্লা মডেল থানার এনায়েতনগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘ডয়েজল্যান্ড’ নামের একটি পোশাক কারখানার ঝুট (ওয়েস্টেজ) মালামাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং গুলিবর্ষণ করে। এতে রাকিব গুলিবিদ্ধ হন এবং ককটেলের আঘাতে রফিক আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে সশস্ত্র লোকজন কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
গুলিবিদ্ধ রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী জানান, সংঘর্ষের সময় গোলাগুলি ও বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
এনায়েতনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা বলেন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে আগে থেকে অবস্থান নেওয়া অভি, মনির, সুমন, জসিমসহ ২০-৩০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে তিনি দাবি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝুট ব্যবসা নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন