

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের সাদা মার্বেল টাইলসে কালো কালিতে প্রেমিক-প্রেমিকাদের বার্তা, নাম ও হৃদয়চিহ্ন আঁকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
মসজিদের সিঁড়ি, রেলিংসংলগ্ন মার্বেল অংশ ও দেয়ালের বিভিন্ন স্থানে বাংলা ও ইংরেজিতে যুগলদের নাম, তারিখ এবং প্রেমসংক্রান্ত নানা আকুতি লিখে পবিত্র এই স্থাপনাটির সৌন্দর্য নষ্ট করা হয়েছে। এমনকি কয়েকটি টাইলসে 'হে আল্লাহ আমাদের দুইজনের প্রতিটি কথা কবুল করে নিও' কিংবা বিভিন্ন নামের পাশে হৃদয় চিহ্ন এবং 'My Best Friend'-এর মতো লেখাও ভেসে উঠেছে।
স্থানীয়ভাবে এসব লেখার সঙ্গে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ততার কথা বলা হলেও, কারা এটি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নজরে আসার পর শনিবার রাতে মসজিদের ইমাম ও খতিব মুফতি আহসানুল্লাহ কাসেমী তার ফেসবুক অ্যাকাউন্টে ‘মডেল মসজিদকে সাক্ষী রেখে প্রেম নিবেদন’ শিরোনামে একটি সতর্কতামূলক পোস্ট দেন।
পোস্টে তিনি বিকৃত টাইলসের ছবিগুলো যুক্ত করে জানান, মসজিদ আল্লাহর ঘর এবং অত্যন্ত পবিত্র একটি স্থান।
সেখানে স্মৃতিচিহ্ন রাখার নামে অবৈধ ও অনুচিত কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। সৌন্দর্য রক্ষায় এসব না করে বরং অবৈধ সম্পর্ককে বিয়ের মাধ্যমে বৈধ করার পরামর্শ দেন তিনি।
পাশাপাশি সিসিটিভি ফুটেজে তরুণ-তরুণীদের ধূমপান করতে দেখা গেছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত এবং এসব ফুটেজ প্রকাশ পেলে সংশ্লিষ্টদের সম্মানহানি হতে পারে।
মসজিদের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষায় তিনি সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।

