

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাবা-মাকে হত্যা করে বসতঘরের ভেতর মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে রাজু মিয়া (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তাঁকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার বাঁশতলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী রানোয়ারা বেগমকে বুধবার (৮ অক্টোবর) রাতে হত্যা করেন তাঁদের ছেলে রাজু মিয়া। এরপর ঘরের একটি কক্ষে মাটি খুঁড়ে দুজনের লাশ চাপা দেন তিনি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। রাজু মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বাবা-মায়ের কাছে প্রায়ই টাকা চাইতেন।”
ওসি আরও জানান, বুধবার সকাল ১০ টাকা থেকে ১১টার মধ্যে রাজু প্রথমে তাঁর মা রানোয়ারাকে গলা টিপে হত্যা করেন। পরে একই দিন গভীর রাতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁর বাবা মোহাম্মদ আলীকে। বৃহস্পতিবার সকালে ঘরের ভেতরে মাটি খুঁড়ে লাশ দুটি চাপা দেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মনসুর আহাম্মদ বলেন, “রাজুর এক বছরেরও কম বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তিনি বেকার ছিলেন এবং প্রায় সময় বাবা-মায়ের সঙ্গে টাকার জন্য ঝগড়া করতেন। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।"
মন্তব্য করুন