সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, সোহাগসহ আরও কয়েকজন, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে প্রতীক বরাদ্দ পাওয়ার পর শোভাযাত্রার প্রস্তুতির জন্য বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর অপেক্ষায় ঘটনাস্থলে অবস্থান করছিলেন ধানের শীষ প্রতীকের সমর্থকরা। এ সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।

এ সময় দলের বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকরা হাঁস প্রতীক বরাদ্দ পেয়ে মিছিল নিয়ে সেখানে যায়। এতে দুপক্ষ মুখোমুখি হয়ে পড়লে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়ারও ঘটনা ঘটেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে পরিস্থিতি শান্ত হয়।

বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু বলেন, আমার দলের নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে গুলি করে উদ্দেশ্যমূলকভাবে হামলা করা হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমান। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।

বিদ্রোহী আবু বকর সিদ্দিকুর রহমান ওরফে এবি সিদ্দিক বলেন, প্রতীক পাওয়ার আমার ১০ হাজার সমর্থক মিছিল করেছে। আমি গাড়িতে ছিলাম। আমরা কারও উপর হামলা করিনি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X