শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ইলিশ কেনার দায়ে চারজনের জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম
expand
মুন্সিগঞ্জে ইলিশ কেনার দায়ে চারজনের জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনার দায়ে চার ক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার হাসাইল এলাকায় অভিযান চালিয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ তাদের আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে ১০ হাজার টাকা করে এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, তাদের কাছ থেকে জব্দ করা প্রায় ১৫০ কেজি ইলিশ উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

টঙ্গীবাড়ী থানার ওসি মো. সাইফুল আলম বলেন, “মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধি করতে সরকার ৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে পদ্মা নদীতে মাছ শিকার ও বিক্রি করছিল।”

তিনি আরও জানান, টঙ্গীবাড়ী থানার একদল চৌকস পুলিশ সদস্যের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে মাছ ক্রেতা নিরঞ্জন, সিরাজ, ইকবাল ও রাকিবকে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বাজারজাত করার সময় চারজনকে আটক করে জরিমানা করা হয়েছে। জব্দ মাছগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন