

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক সজল মোল্লা হত্যা মামলায় মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ ঘোষিত শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরের (৩১) ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান এ আদেশ দেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, মামলার তদন্ত কর্মকর্তা সজীব দে আদালতে সাগরের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
ওসি আরও জানান, বুধবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বৃহস্পতিবার ভোরে তাকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দুপুরে পুলিশ প্রিজন ভ্যানে করে সাগরকে আদালতে হাজির করলে ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী বিক্ষুব্ধরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এসময় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জ শহরে সমাবেশে যোগ দেন কয়েক হাজার ছাত্র-জনতা। এসময় অস্ত্র ও ককটেল নিয়ে তাদের ওপর হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এতে সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হন শতাধিক ব্যক্তি।
এই ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা মামলা ও পাঁচটি হত্যাচেষ্টা মামলার আসামি সাগর। ঘটনার সময় তার অস্ত্র হাতে একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন