বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করলে রাষ্ট্রের শাসনকার্য স্বচ্ছ হবে: তথ্যমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯:১৭ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
expand
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীন গণমাধ্যম সমাজ, রাষ্ট্র ও রাজনীতিকে জবাবদিহিতার মধ্যে রাখে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে রাষ্ট্রের শাসন কার্য আরও স্বচ্ছ হবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।

মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “নৈরাজ্যপূর্ণ সংবাদমাধ্যম গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। অন্যদিকে স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যম গণতন্ত্রকে সমৃদ্ধ করে। জনগণের অধিকার হচ্ছে সঠিক তথ্য পাওয়া। তাই সংবাদকর্মীদের সব সময় নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করতে হবে।”

তিনি আরও বলেন, সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে অপসাংবাদিকতা রোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, “সময় পরিবর্তনের সঙ্গে সংবাদমাধ্যমকেও তাল মিলিয়ে চলতে হবে। টিআরপির নামে কোনো সংবাদমাধ্যমকে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে না।”

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোচ্ছাবেরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও সুলতান আহম্মেদ।

এ ছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন