বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ৬ হাজার আনসার-ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম
মুন্সীগঞ্জে ৬ হাজার আনসার-ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সভা
expand
মুন্সীগঞ্জে ৬ হাজার আনসার-ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ছয় হাজার সদস্যের অংশগ্রহণে এক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মুন্সীগঞ্জ শহরের স্টেডিয়াম মাঠে এ সভার আয়োজন করা হয়।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট বিউটি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো. আইয়ুব আলী।

সভায় বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলমগীর চৌধুরী, শ্রীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান, টঙ্গীবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মৃধা, লৌহজং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ভিডিপি দলনেত্রী এবং আনসার সদস্যরা।

প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট বিউটি আক্তার বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মুন্সীগঞ্জ জেলায় মোট ৬ হাজার ৯৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে, যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, প্রতি ভোটকেন্দ্রে ২ জন করে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৩ জন করে সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পুরো জেলায় মোট ১৩টি স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। এর মধ্যে প্রতিটি উপজেলায় ২টি করে স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে, যা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় সকল আনসার ও ভিডিপি সদস্যের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে মোবাইল অ্যাপ অথবা ফোনের মাধ্যমে জেলা কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন