বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
বিএনপির  প্রার্থীর নির্বাচনী প্রচারণার ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ
expand
বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারণার ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচারণার ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাঠাদিয়া–শিমুলিয়া ইউনিয়নের লাখারন এলাকায় বিএনপির একটি ক্লাবের সামনে সাঁটানো একাধিক ব্যানার ও ফেস্টুন ছেঁড়া অবস্থায় রয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের প্রচারণার অংশ হিসেবে এসব ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছিল।

দলীয় নেতাদের অভিযোগ, রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এগুলো ছিঁড়ে ফেলে।

কাঠাদিয়া–শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান শিকদার জানান, সোমবার ভোরে ফজরের নামাজের পর তিনি ঘটনাটি জানতে পারেন। তাঁর দাবি, রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। বিষয়টি তিনি প্রশাসনকে অবহিত করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলের ছবি পাঠাতে বলেছেন। তিনি ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন বেপারী বলেন, পরিকল্পিতভাবে তাঁদের ক্লাবের সামনে সাঁটানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, এক বিএনপি নেতা তাঁকে ফোনে বিষয়টি জানিয়েছেন। তিনি বর্তমানে একটি মিটিংয়ে রয়েছেন। মিটিং শেষে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন