

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় দাউদ হোসেন (৪০) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এ সময় এক লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড প্রদান করা হয়।
রোববার (৩ মে) বেলা ১২টায় মেহেরপুর শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দন্ডিত দাউদ হোসেন মেহেরপুর শহরের তাতী পাড়ার কাছেদ আলীর ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) মোস্তাফিজুর রহমান তুহিন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১৮ জুন সন্ধ্যায় ৫ম শ্রেনির ছাত্রী চাচার বাসায় ঘুমাতে যাওয়ার সময় অভিযুক্ত দাউদ হোসেন তাকে মোবাইল ফোন দেখানোর প্রলোভন দিয়ে একটি ঘরের মধ্যে নিয়ে রাতভর ধর্ষণ করে। এ সময় ভিকটিম রক্তাক্ত হয়ে সকালে বাড়ি ফেরে।
পরে পরিবারের লোকজন জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন।
সেখানে তার ডাক্তারি পরীক্ষা করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা কলিম উদ্দিন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। দণ্ডপ্রাপ্ত দাউদ হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
মামলায় ৫ জন স্বাক্ষীর সাক্ষ্যে সন্দেহতীতভাবে দোষী প্রমাণীত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড দেন।
আদালতে বাদী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট কামরুল হাসান ও রাস্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) মোস্তাফিজুর রহমান তুহিন।
মন্তব্য করুন