রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের ডিসি সম্মেলনে সবচেয়ে বেশি প্রস্তাব যে বিষয়ে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৮:৫২ এএম
পুরানো ছবি।
expand
পুরানো ছবি।

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ রোববার (৩ মে)। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য খাতের উন্নয়নে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে এবারের ডিসি সম্মেলনে। প্রস্তাবের মধ্যে আছে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য চেকিং সেন্টার স্থাপনের বিষয়টিও।

মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতিনির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে থাকেন ডিসিরা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ-সংক্রান্ত বিষয়ে ডিসিদের দেয়া প্রস্তাব নিয়ে প্রতি বছর ডিসি সম্মেলনে আলোচনার মাধ্যমে নেয়া হয় কার্যকর সিদ্ধান্ত।

অন্যান্য বছরের মতো এবারও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হবে আজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনের আগের দিন শনিবার (২ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩৪টি অধিবেশনে ডিসিদের দেয়া এক হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্য থেকে ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এতে বলা হয়, হাসপাতালগুলোতে এন্টিভেনম সহজলভ্য করা, সব উপজেলা হাসপাতালে অন্তত একটি করে অ্যাম্বুলেন্স দেয়া, কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনা, নোয়াখালীতে বিমানবন্দর স্থাপন, জেলা পর্যায়ে গুজব ও সামাজিক মাধ্যমে ভুল তথ্য চেকিং সেন্টার স্থাপনসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছেন ডিসিরা। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, জেলা প্রশাসকদের যোগ্যতা না থাকলে শুধু দলবাজি করে লাভ হয় না।

অন্তর্বর্তী সরকারের সময়ে ডিসি সম্মেলনে নেয়া প্রস্তাবের ৪৪ শতাংশ এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন