শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় বাবার সামনে থেকে অপহরণ করা মেয়ের খোঁজ মিলেছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:১৯ পিএম আপডেট : ০২ মে ২০২৬, ০৮:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় বাবার সামনে থেকে অপহৃত হওয়া দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অবশেষে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লামীন ইসলাম নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ মে) গাজীপুরের পুবাইল এলাকা থেকে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত লামীন ইসলামকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ চাঞ্চল্যকর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ জানায়, গত ২২ এপ্রিল দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরে ওই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে স্কুল থেকে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল ওই শিক্ষার্থী। হঠাৎ সেখানে লামীম উপস্থিত হয়ে ওই শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার বাবা মেয়েকে বাঁচাতে চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই সেখানে আরও এক যুবক যোগ দেয়। তারা বাবাকে মারধর করে ওই ছাত্রীকে জোর করে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার দিনই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার ৯ দিন পর আধুনিক প্রযুক্তির সহায়তায় গাজীপুরের পুবাইল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, অপহরণের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই অপহরণের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিক্ষার্থীকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন