

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মানিকগঞ্জে নিরাপত্তা জোরদার করেছে যৌথবাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মানিকগঞ্জ ইউনিটের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম বলেন, সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুর উপজেলার লেসরাগঞ্জ বাজার এলাকায় ব্রিজের নিচে যৌথবাহিনী সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে পাকিস্তানে তৈরি একটি রিভলভার, পাঁচটি ককটেল বোমা, কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়।
উদ্ধার করা বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদে ধ্বংস করে। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযানে সেনাবাহিনীর ৫৪ জন এবং পুলিশের ২১ জন সদস্য অংশ নেন।
লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম জানান, যৌথবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অভিযানটি পরিচালনা করেছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে যৌথবাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে এবং মানিকগঞ্জ জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন
