

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুর সদর উপজেলায় একটি বাড়ির পরিত্যক্ত ঘরের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ আগস্ট) রাত তিনটার দিকে উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাক মোল্লা নামে এক ব্যক্তির পরিত্যক্ত ঘরের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। ঘরটিতে কেউ থাকেন না। রাজ্জাক মোল্লা প্রবাসী। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। বিস্ফোরিত বস্তুটি বোমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজ্জাক মোল্লার সঙ্গে তার চাচাতো জাকির মোল্লার জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। জমি নিয়ে বিরোধে আগে দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল।
এর জেরে রাজ্জাক মোল্লার পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। রাতের বেলা হঠাৎ বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফোনে কল দিয়ে জানতে চাইলে রাজ্জাক মোল্লা জানান, তাকে ফাঁসাতে জাকির মোল্লার লোকজন তার পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ রয়েছে।
তিনি বলেন, ‘এই বিরোধের জেরে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি। প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও বিচার চাই।’
অভিযোগ অস্বীকার করে জাকির মোল্লা বলেন, ‘রাতের বেলা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, আমরা তা জানি না। আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ করা হচ্ছে, সেটাও বুঝতে পারছি না। আমাদের ফাঁসাতে এমন ঘটনা ঘটানো হতে পারে। আমরা ঘটনার সঠিক তদন্ত চাই।’
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিস্ফোরণের বিষয়টি তারা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


